সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

আবারও অসুস্থ অভিনেত্রী তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২৬, ১৬:০৯

সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি বর্তমানে গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত ফেব্রুয়ারি থেকে তিনি মস্তিষ্কের টিউমারের চিকিৎসা নিচ্ছেন এবং অল্প সময়ের ব্যবধানে দুইবার অস্ত্রোপচার হয়েছে।

বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে আছেন বলে জানা গেছে। শনিবার (২ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে তার পক্ষ থেকে দেওয়া এক পোস্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়।

পোস্টে জানানো হয়, তিনি ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন এবং আপাতত বড় কোনো উদ্বেগের কারণ নেই। তবে পূর্ণ সুস্থ হতে সময় লাগবে।

চিকিৎসা সূত্রে জানা যায়, চলতি বছরে তার ব্রেইন টিউমার ধরা পড়ে। গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল-এ প্রথম অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে জটিলতা দেখা দিলে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়, যেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়।

২০১২ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন তানিয়া বৃষ্টি। এরপর তিনি টিভি নাটকে জনপ্রিয়তা পান এবং ২০১৫ সালে ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। পরবর্তীতে একাধিক সিনেমায় কাজ করলেও নাটকেই তিনি বেশি জনপ্রিয়তা অর্জন করেন।

তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ২০১৯ সালের ‘গোয়েন্দাগিরি’। দীর্ঘ বিরতির পর তিনি রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ সিনেমার মাধ্যমে আবার বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top