মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ

সিলেট প্রতিনিধি | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০০:১৬

ছবি: সংগৃহীত

সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গোলাপগঞ্জে গুলির ঘটনায় তথ্য না দেওয়ায় জেলা প্রশাসক সারওয়ার আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত।

সিলেটের আমলি আদালত নম্বর–২-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত তালুকদার গত ৮ ফেব্রুয়ারি এ আদেশ জারি করেন। বিষয়টি ১৮ ফেব্রুয়ারি প্রকাশ্যে আসে বলে আদালত–সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তাজ উদ্দিন নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তাঁর স্ত্রী রুলী বেগম গোলাপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে তাঁর স্বামী নিহত হয়েছেন।

মামলাটির তদন্তভার দেওয়া হয় পিবিআই সিলেটের পরিদর্শক নূর মোহাম্মদকে। তদন্তের অংশ হিসেবে তিনি গত বছরের ২২ এপ্রিল জেলা প্রশাসক এবং বিজিবি শ্রীমঙ্গলের সেক্টর সদর দপ্তরের উপমহাপরিচালকের কাছে পৃথকভাবে তথ্য চান। জেলা প্রশাসনের কাছে জানতে চাওয়া হয়, সেদিন কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। আর বিজিবির কাছে জানতে চাওয়া হয়, ঘটনাস্থলে কোন কোন সদস্য উপস্থিত ছিলেন।

নির্ধারিত সময়ের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে তথ্য না পাওয়ায় বিষয়টি আদালতকে অবহিত করা হয়। পরে ১৫ জুন আদালত ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় তথ্য সরবরাহের নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী বিজিবি তথ্য দিলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। আদালত একাধিকবার তাগাদা দেওয়ার পরও চাহিত তথ্য না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন বিচারক।

এর পরিপ্রেক্ষিতে আদালত ৮ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেন। নোটিশে বলা হয়, তথ্য না দেওয়ার কারণে তদন্ত কার্যক্রম বিলম্বিত হচ্ছে। ২০২৪ সালের ২৯ আগস্ট মামলা দায়ের হলেও এখনো তদন্ত শেষ হয়নি। আদালতের আদেশ অমান্য করা শাস্তিযোগ্য অপরাধ এবং তা আদালত অবমাননার শামিল হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

জেলা প্রশাসককে ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top