মহাসড়ক অবরোধে দুই গ্রামের সংঘর্ষ, ১০ কিলোমিটার যানজট
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১১:১৮
কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ববিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে এবং প্রায় ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
শনিবার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে চৌদ্দগ্রাম পৌরসভার দোয়েল চত্বর এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে সড়কের দুই পাশে আটকে পড়ে শত শত যানবাহন। পরে রাত সাড়ে ১২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ উত্তর শ্রীপুর ও গোমারবাড়ি গ্রামের যুবকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি থেকে বিরোধের সূত্রপাত হয়। এরপর কয়েক দফা উত্তেজনা সৃষ্টি হয়ে সর্বশেষ শনিবার রাতে তা বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়।
এ সময় বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে। দীর্ঘ সময় ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে।
চৌদ্দগ্রাম থানার ওসি আবু মোহাম্মদ কাউসার জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।