মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

১৫ দিন আগে ধর্ষণ, কিশোরীকে সৎ বাবার কাছ থেকে ছিনিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৯

ছবি: সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনায় এক ১৫ বছরের কিশোরীকে তার সৎ বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় মেয়েটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত কিশোরী মাধবদীর বিলপাড় এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তার সৎ বাবার বাড়ি বরিশালে।

মেয়েটির স্বজনদের অভিযোগ, ১৫ দিন আগে স্থানীয় বখাটে নূরার নেতৃত্বে ৫–৬ জনের একটি দল মেয়েটিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি মহিষাশুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার আহমদের নেতৃত্বে স্থানীয়ভাবে মীমাংসা করা হয়।

মেয়েটির সৎ বাবার ভাষ্য, বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে মেয়েকে খালার বাড়িতে রাখতে যাওয়ার পথে বড়ইতলা এলাকায় নূরার নেতৃত্বে পাঁচজন তাকে ছিনিয়ে নিয়ে যায়। বাড়ির লোকজন অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও তাকে ফিরে পায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে সরিষা ক্ষেতে মেয়েটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ অপরাধীদের খুঁজে বের করতে কাজ করছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top