সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

প্রাইভেটকারে বাসের ধাক্কা, একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

কুমিল্লা প্রতিনিধি | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ১২:৩৯

ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেট কারের চালকসহ একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোমেন জানান, ঢাকাগামী একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, মাগরিবের আজানের প্রায় ১৫ মিনিট আগে কালাকচুয়া মিয়ামি হোটেলের সামনে সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একই পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন নিহত হন।

নিহতরা হলেন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাতারপাইয়া গ্রামের আব্দুল মমিন (৫০), তার স্ত্রী ঝর্না বেগম (৪০), ছেলে সাইফ (৭) এবং মেয়ে লাবিবা (১৮)। প্রাইভেট কারের চালক বরিশাল নিবাসী জামাল হোসেন (৫২) ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ জানিয়েছে, আব্দুল মমিনের আরেক ছেলে আবরার (১২) শারীরিকভাবে সুস্থ থাকলেও বর্তমানে ময়নামতি আর্মি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া আরও দুই শিশু গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। বাস শনাক্তকরণের প্রক্রিয়া চলছে। ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনি কার্যক্রম শুরু করেছে। বর্তমানে দুর্ঘটনাকবলিত যানগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top