সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ২২:০২

ছবি: সংগৃহীত

সংবিধান কখনো সংস্কার করা হয় না, বরং তা রহিত, স্থগিত অথবা সংশোধন করা হয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

আলোচনার সময় সংবিধান সংশোধনের জন্য সব রাজনৈতিক দলের সমন্বয়ে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, সরকার তা সম্মান জানাতে চায়। ২০২৪ সালের জুলাই জাতীয় সনদ ও ঘোষণাপত্রের মূল বক্তব্য সংবিধানে অন্তর্ভুক্ত করার অঙ্গীকার করা হয়েছে। এটি চতুর্থ তফসিলে যুক্ত করা হবে। তবে তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৭১ সালের স্বাধীনতার সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা করা যায় না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে নানা ধরনের আইনি প্রতারণা করা হয়েছে। উচ্চ আদালত ইতোমধ্যে এর কিছু অংশ অসাংবিধানিক ঘোষণা করেছে। বাকি অংশগুলো সংসদের সিদ্ধান্ত অনুযায়ী বাতিল বা সংশোধন করা হবে। বিশেষ করে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফসিলে যুক্ত ভুল ইতিহাস ও বিতর্কিত স্বাধীনতার ঘোষণাগুলো বাতিলের প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দেন এবং ২৭ মার্চ কালুরঘাট বেতারকেন্দ্র থেকে অস্থায়ী রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা প্রদান করেন। এই ইতিহাসই সংবিধানে পুনঃস্থাপন করতে চায় সরকার।

সংবিধানের মূলনীতিতে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহালের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ নীতিটি পুনরায় সংবিধানে যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যা আগে সংযোজিত থাকলেও পরবর্তীতে বাদ দেওয়া হয়েছিল।

তিনি বলেন, রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং সেই ক্ষমতা সংসদের মাধ্যমে প্রয়োগ হয়। পাশাপাশি ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠনের বিষয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি, যেখানে রাজনৈতিক দলগুলো আনুপাতিক প্রতিনিধিত্ব পাবে।

বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি ও বিরোধী দলসহ সব সদস্যকে নিয়ে বিশেষ সংসদীয় কমিটিতে বসে আলোচনা করে সংবিধান সংশোধনের সিদ্ধান্ত নিতে হবে। বাইরে থেকে কোনো চাপিয়ে দেওয়া মতামতের ভিত্তিতে নয়, সংসদই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top