রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

ডুমুরিয়ায় পাল্টা সংবাদ সম্মেলন: অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেতার প্রতিবাদ

খুলনা প্রতিনিধি | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ০৯:০১

ছবি: সংগৃহীত

খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নে মিথ্যা ও মানহানিকর সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাধারণ সম্পাদক ও স্থানীয় ব্যবসায়ী মোঃ আশরাফুল ইসলাম শেখ। শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় ডুমুরিয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে তিনি জানান, আসন্ন ৬ নম্বর মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণার পর থেকেই একটি মহল তার ও দলের ভাবমূর্তি নষ্টে অপপ্রচারে লিপ্ত রয়েছে। তিনি অভিযোগ করেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর স্থানীয় এক নেতা পরিচয়দানকারী ব্যক্তি বিভিন্ন সময় তার বিরুদ্ধে ভিত্তিহীন প্রচারণা চালিয়ে আসছেন।

ঘটনার বর্ণনায় তিনি বলেন, গত ২ এপ্রিল রাত আনুমানিক ২টার দিকে ১৮ মাইল বাজারের একটি ফিলিং স্টেশনে বিশৃঙ্খলার খবর পেয়ে তিনি দলীয় নেতৃবৃন্দসহ ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির অনিয়মের বিষয় জানতে চাইলে তিনি উত্তেজিত আচরণ করেন এবং ঘটনাস্থল ত্যাগ করেন।

তিনি আরও অভিযোগ করেন, পরবর্তীতে ওই ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে তাকে ‘চোর, জুয়াড়ি ও চাঁদাবাজ’ আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

আশরাফুল ইসলাম শেখ বলেন, একটি চক্র এলাকায় প্রভাব বিস্তার ও রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করতে অপপ্রচার চালাচ্ছে। তিনি এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সরেজমিন তদন্ত করলে প্রকৃত সত্য উদঘাটিত হবে। একইসঙ্গে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও অপপ্রচার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিক, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top