রায় কার্যকর হলে আমার ছেলের আত্মা শান্তি পাবে:শহীদ আবু সাঈদের মা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১৫:০৪
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেছে। ট্রাইব্যুনাল দুই আসামিকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এছাড়া আরও কিছু আসামিকে বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছে।
শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম বলেন, “ছেলের হত্যার সঙ্গে যারা জড়িত তাদের রায় হয়েছে। তবে রায় কার্যকর হলে আমার ছেলের আত্মা শান্তি পাবে।” অন্যদিকে তার বড়ভাই আবু রায়হান দাবী করেন, “ভাই হত্যায় জড়িত সবার ফাঁসি কার্যকর হোক, তাহলেই বিচার সঠিকভাবে সম্পন্ন হবে।”
রায়ের মধ্যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. হাসিবুর রশীদ, গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মো. মশিউর রহমান এবং লোকপ্রশাসন বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডলকে ১০ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন। অন্যান্য সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এই হত্যার ভিডিও দেশজুড়ে ক্ষোভ সৃষ্টি করে এবং আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দেয়, যার ফলে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।