ফসলের মাঠে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা!
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ১৬:৫৭
ফরিদপুরের ভাঙ্গায় খালি গায়ে গামছা পরে কৃষকের ছদ্মবেশ ধারণ করে এক পলাতক ডাকাতকে গ্রেফতার করেছেন থানা পুলিশের সহকারী উপপরিদর্শক আতাউর রহমান। তার এই ব্যতিক্রমী কৌশলে ডাকাত গ্রেফতারের ঘটনায় এলাকায় প্রশংসার জোয়ার বইছে।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে গ্রেফতার ব্যক্তিকে ফরিদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার হাসামদিয়া এলাকার একটি ফসলি মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তি কাওছার শেখ (৩৫)। তিনি ভাঙ্গা পৌরসভার পশ্চিম হাসামদিয়া গ্রামের দাউদ শেখের ছেলে।
থানা সূত্রে জানা যায়, ভাঙ্গা পৌরসভা ও এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় কাওছার শেখ জড়িত ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা হলে আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরপর থেকেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
ভাঙ্গা থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক মো. আতাউর রহমান জানান, দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওই ডাকাতকে ধরতে একাধিকবার অভিযান চালানো হলেও সফলতা পাওয়া যাচ্ছিল না। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে নতুন কৌশল অবলম্বন করা হয়।
তিনি বলেন, “খবর পাই কাওছার শেখ হাসামদিয়া এলাকার ফসলি মাঠে অবস্থান করছে। এরপর কৃষকের ছদ্মবেশে, খালি গায়ে গামছা পরে মাঠে গিয়ে তাকে চিহ্নিত করে গ্রেফতার করি।”
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, পলাতক ওই আসামি পুলিশের পোশাক দেখলেই পালিয়ে যেতেন। তাই ভিন্ন কৌশলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সহকারী উপপরিদর্শক আতাউর রহমানের এই সাহসী ও অভিনব কৌশলের জন্য তিনি প্রশংসিত হচ্ছেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।