শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

সুনামগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১৭:৫৮

ছবি: সংগৃহীত

হাওরে ধান কাটতে গিয়ে আকস্মিক বজ্রপাতে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় ৫ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার জেলার একাধিক হাওরে পৃথক ঘটনায় এ প্রাণহানি ঘটে। এতে অন্তত আরও ৩ জন আহত হয়েছেন, যাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতরা হলেন ধর্মপাশা উপজেলার হবিবুর রহমান (২২) ও রহমত উল্লাহ (১৩), তাহিরপুর উপজেলার আবুল কালাম ওরফে কালা মিয়া (২৮), দিরাই উপজেলার লিটন মিয়া (৩৮) এবং জামালগঞ্জ উপজেলার নুর জামাল (২৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হবিবুর রহমান তার চাচার সঙ্গে হাওরে ধান কাটতে যান। দুপুরের দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। একই সময়ে অন্যত্র বজ্রাঘাতে আহত হয়ে রহমত উল্লাহকেও হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাহিরপুরে দুপুরের দিকে বজ্রপাতে আবুল কালাম ওরফে কালা মিয়ার মৃত্যু হয়। তিনি জীবিকার তাগিদে খামারে শ্রমিক হিসেবে কাজ করতেন। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন, যাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

দিরাই উপজেলায় হাওরের একটি বিলের পাশে ধান কাটার সময় বজ্রপাতে গুরুতর আহত হন কৃষক লিটন মিয়া। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে জামালগঞ্জে হাওরে ধান তোলার সময় বজ্রপাতে নুর জামাল নিহত হন এবং তার চাচাতো ভাই গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

একই সময়ে বজ্রপাতে উপজেলার একটি গ্রামে দুটি গাভীরও মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top