বৃহঃস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

নারী সেজে বন্ধুত্বের মাধ্যমে ধর্ষণই ছিল রাব্বির নেশা, গ্রেপ্তার সিরিয়াল রেপিস্ট

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১৫:১৯

ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে ধারাবাহিক যৌন সহিংসতা অপরাধী (সিরিয়াল রেপিস্ট) রাশেদুল ইসলাম রাব্বিকে (৩০) গ্রেপ্তার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে যাত্রাবাড়ী থানার আওতাধীন দনিয়া কলেজের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচজন ভুক্তভোগীর পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে একটি হিসাব খুলে নারী কণ্ঠে কথা বলত। কৌশলে এক ভুক্তভোগীর মোবাইল নিজের নিয়ন্ত্রণে নিয়ে সেই নম্বর ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তার বন্ধু তালিকায় থাকা স্কুল ও কলেজপড়ুয়া তরুণীদের টার্গেট করত।

পরবর্তীতে গভীর বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলে উপহার আদান-প্রদানের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের যাত্রাবাড়ীর গোয়ালবাড়ী মোড়ের একটি নির্মাণাধীন ভবনে ডেকে নিত। সেখানে নিয়ে গিয়ে তাদের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক যৌন নির্যাতন করত এবং সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে রাখত।

পরে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা, মোবাইল ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার পাশাপাশি পুনরায় শারীরিক সম্পর্কে বাধ্য করত বলেও জানা গেছে।

আরও জানা যায়, গত ২০ মার্চ এক তরুণীকে পরিবারের সঙ্গে সাক্ষাতের কথা বলে নির্মাণাধীন ভবনে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ভিডিও ধারণ করা হয়। একইভাবে ৬ এপ্রিল আরেক তরুণীকে পোশাক সরবরাহের কথা বলে ডেকে এনে কয়েক ঘণ্টা আটকে রেখে নির্যাতন ও লুটপাট করা হয়।

এছাড়া ৯ এপ্রিল সন্ধ্যায় আরেক ভুক্তভোগীর সঙ্গে শ্লীলতাহানির চেষ্টা করে তার কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়।

তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় অশ্লীলতা নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top