বৃহঃস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

স্থায়ীভাবে হরমুজ প্রণালি উন্মুক্ত করে দিলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ২০:৪২

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি হরমুজ প্রণালি ‘স্থায়ীভাবে উন্মুক্ত’ করে দিয়েছেন, এতে চীন ‘খুবই সন্তুষ্ট’। তিনি বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি আর কখনো অবরুদ্ধ হবে না। বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

পোস্টে ট্রাম্প বলেন, তিনি হরমুজ প্রণালি স্থায়ীভাবে উন্মুক্ত করে দিচ্ছেন, যা শুধু চীনের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই উপকারী। একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি আর কখনো ঘটবে না বলেও আশ্বাস দেন তিনি।

তিনি আরও জানান, ইরানে অস্ত্র না পাঠানোর বিষয়ে চীন সম্মত হয়েছে। কয়েক সপ্তাহ পর তার সফরে চীনের প্রেসিডেন্ট তাকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন বলেও আশা প্রকাশ করেন ট্রাম্প। দুই দেশ একসঙ্গে বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, সংঘাতের চেয়ে সহযোগিতাই উত্তম।

তবে একই সঙ্গে সতর্কবার্তাও দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র যুদ্ধে নামতেও অত্যন্ত দক্ষ এবং অন্য যে কোনো দেশের চেয়ে বেশি সক্ষম।

এদিকে, চীন ইরানে অস্ত্র সরবরাহ না করার বিষয়ে ট্রাম্পের দাবির বিপরীতে কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে ভিন্ন তথ্য উঠে এসেছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বেইজিং। অন্য আরেক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন সামরিক ঘাঁটি শনাক্তে চীনের গোয়েন্দা উপগ্রহ ব্যবহার করছে ইরান।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বেইজিং জানিয়েছে, ইরানকে কোনো ধরনের সামরিক সহায়তা দিচ্ছে না চীন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top