দাম বাড়ল বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ২০:২৬
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম প্রতি লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন। নতুন দামে প্রতি লিটার ফার্নেস তেলের মূল্য ৭০ টাকা ১০ পয়সা থেকে বেড়ে ৯৪ টাকা ৬৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) কমিশনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই মূল্য আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।
এর আগে ফার্নেস তেলের দাম নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। তবে অন্তর্বর্তী সরকার সেই দায়িত্ব বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশনের কাছে হস্তান্তর করার পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রথমবারের মতো সংস্থাটি ফার্নেস তেলের দাম ঘোষণা করে। এবার দ্বিতীয়বারের মতো এই জ্বালানির মূল্য সমন্বয় করা হলো।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীন চারটি তেল বিপণন কোম্পানি পদ্মা, মেঘনা, যমুনা ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল নতুন নির্ধারিত দামে ফার্নেস তেল বিক্রি করবে। এই তেলের প্রধান ক্রেতা সরকারি বিদ্যুৎ উৎপাদন সংস্থা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
উল্লেখ্য, সর্বশেষ নির্বাহী আদেশে ফার্নেস তেলের দাম নির্ধারণ করা হয়েছিল ২০২৪ সালের ২ আগস্ট। পরে অন্তর্বর্তী সরকার দাম নির্ধারণের ক্ষমতা বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশনের হাতে দেয়। গত বছরের ২০ জানুয়ারি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কমিশনের কাছে নতুন দাম নির্ধারণের প্রস্তাব দেয়। এরপর চারটি তেল বিপণন কোম্পানিও পৃথক প্রস্তাব জমা দেয়। পরে এক বছর পর গত ২৯ জানুয়ারি এই প্রস্তাব নিয়ে গণশুনানি করে কমিশন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।