রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

মহাসড়কে হঠাৎ চলন্ত বাসে আগুন, একজনের পোড়া মরদেহ উদ্ধার

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ২১:৩৬

ছবি: সংগৃহীত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসার উপজেলায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় এক অজ্ঞাত পুরুষ যাত্রী দগ্ধ হয়ে নিহত হয়েছেন। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার গোপালপুর এলাকার মেলকাই এলাকায় ‘সাকুরা পরিবহণ’-এর একটি বাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে যাত্রী নিয়ে বাসটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে মেলকাই এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় ইঞ্জিনে ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।

এ সময় প্রাণ বাঁচাতে যাত্রীরা জানালা দিয়ে লাফিয়ে নিচে নেমে আসেন। আগুন লাগার ঘটনায় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়, ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু করে। ঘটনাস্থল থেকে এক অজ্ঞাত ব্যক্তির পোড়া মরদেহ উদ্ধার করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন যাত্রী জানান, বাসটিতে অতিরিক্ত জ্বালানি রাখা ছিল। জ্বালানি লিক হলে হেলপার তা ঠিক করার চেষ্টা করেন। এ সময় কোনোভাবে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা খোকন জমাদার জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং একজন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top