মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

আভিজাত্যের মোহ টানে না রুমানা রশীদ ঈশিতাকে, জানালেন নিজেই

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:০২

সংগৃহীত

দেশের শোবিজ অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র রুমানা রশীদ ঈশিতা। ছোটবেলা থেকেই দর্শকপ্রিয়তা তার নিত্যসঙ্গী। অভিনয় ও গানের পাশাপাশি ব্যক্তিজীবনেও তিনি দেশের অন্যতম প্রভাবশালী পরিবারের সদস্য—দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলার সহধর্মিণী। তবু এত প্রতিপত্তি ও গ্ল্যামারের মাঝেও বরাবরই প্রচারবিমুখ ও সাদামাটা জীবনযাপন করে আসছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক পডকাস্টে নিজের জীবনদর্শন ও সাধারণ থাকার পেছনের কারণ ব্যাখ্যা করেছেন ঈশিতা। তিনি জানান, বিলাসিতা বা আভিজাত্যের চাকচিক্য তাকে কখনোই তেমন আকর্ষণ করেনি। মাত্র আট বছর বয়সে তারকাখ্যাতি পেলেও সেটিকে কখনো মাথায় চড়তে দেননি তিনি।

জীবনের অনিশ্চয়তা নিয়ে গভীর উপলব্ধির কথা তুলে ধরে ঈশিতা বলেন, “মানুষের মেধা বা বড় অর্জন যে কোনো সময় হারিয়ে যেতে পারে। একজন ৪০ বছরের অভিজ্ঞ ব্রেইন সার্জনও অসুস্থ হয়ে স্মৃতিশক্তি হারাতে পারেন।” তার মতে, যখন মেধারই এমন অনিশ্চয়তা, তখন ধন-সম্পদ নিয়ে অতিরিক্ত স্বস্তি বা উত্তেজনার কোনো কারণ নেই।

তিনি আরও বলেন, “কবে কী হবে, তা একমাত্র ওপরওয়ালাই জানেন। তাই প্রাচুর্য নিয়ে খুব বেশি স্বস্তিবোধ করার মানে হয় না।”

নিজেকে ‘অতি সাধারণ’ মানুষ হিসেবে উল্লেখ করে ঈশিতা অকপটে স্বীকার করেন, “আমার অবশ্যই ভুল আছে। কারণ আমি খুব সাধারণ একজন মানুষ।”

দীর্ঘ ক্যারিয়ারে বিতর্কের বাইরে থেকে আভিজাত্যের মোহ এড়িয়ে চলা রুমানা রশীদ ঈশিতা তার বিনয় ও জীবনবোধের কারণেই আজও দর্শক ও ভক্তদের কাছে এক অনন্য অনুপ্রেরণার নাম।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top