আর্টেমিস-২ মিশনে ইতিহাস:
পৃথিবী থেকে মানুষের সবচেয়ে দূরের ভ্রমণের নতুন রেকর্ড
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৪
মহাকাশ অভিযানের ইতিহাসে নতুন এক মাইলফলক গড়েছে নাসা পরিচালিত আর্টেমিস-২ মিশন। এই মিশনের চার নভোচারী পৃথিবী থেকে মানুষের সবচেয়ে দূরে ভ্রমণের ৫৬ বছর পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন।
সোমবার (৬ এপ্রিল) গ্রিনিচ মান সময় বিকেল ৩টা ৫৮ মিনিটে তারা প্রায় ৪ লাখ ১৭১ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন। এর মাধ্যমে ১৯৭০ সালের অ্যাপোলো ১৩ মিশনের স্থাপিত আগের রেকর্ডটি ভেঙে যায়।
নাসার তথ্য অনুযায়ী, ওরিয়ন মহাকাশযান এ চড়ে নভোচারীরা চাঁদের দূরবর্তী অংশ বা ‘ফার সাইড’ দিয়ে ভ্রমণ করছেন। মিশনের অংশ হিসেবে তারা পৃথিবী থেকে সর্বোচ্চ প্রায় ৪ লাখ ৬ হাজার ৭৮৮ কিলোমিটার দূরত্বে পৌঁছানোর পরিকল্পনায় রয়েছেন—যা হবে মানুষের অবস্থানের ইতিহাসে সবচেয়ে দূরবর্তী বিন্দু।
বর্তমানে নভোচারীরা চাঁদের চারপাশে ‘ফ্লাইবাই’ প্রক্রিয়ায় প্রদক্ষিণ করছেন। প্রায় ছয় ঘণ্টার এই পর্যবেক্ষণে তারা চাঁদের অজানা ও অনাবিষ্কৃত অংশের গুরুত্বপূর্ণ ছবি ও তথ্য সংগ্রহ করছেন। বিশেষ করে চন্দ্রপৃষ্ঠের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য বিশ্লেষণই এই মিশনের অন্যতম লক্ষ্য।
পর্যবেক্ষণ শেষে মহাকাশযানটি ‘ফ্রি-রিটার্ন ট্রাজেক্টরি’ অনুসরণ করে আবার পৃথিবীর পথে যাত্রা শুরু করবে। আর্টেমিস-২ মিশনের এই সাফল্য ভবিষ্যতে চাঁদ ও মঙ্গলগ্রহসহ আরও দূরবর্তী মহাকাশ অভিযানের পথকে আরও সুগম করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।