মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

ডিবির হাতে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৩

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার একটি মামলায় তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরের সিটি বাজার এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ হয়। এ সময় পুলিশ এলোপাতাড়ি গুলি চালালে মুসলিম উদ্দিন নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযোগে বলা হয়েছে, পরবর্তীতে আসামিদের চাপে মরদেহের ময়নাতদন্ত ছাড়াই দ্রুত দাফন সম্পন্ন করা হয়।

এই মামলায় আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন রংপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য নাছিমা জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মালেক, সাধারণ সম্পাদক আবদুল হক প্রামাণিক, আওয়ামী লীগ নেতা রাশেক রহমান, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদাত হোসেন, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি শফিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলসহ প্রশাসনের একাধিক সাবেক কর্মকর্তা। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ব্যক্তিদের আসামি করা হয়েছে।

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলায় শিরীন শারমিন চৌধুরীর নাম রয়েছে। ২০২৪ সালের ২৭ আগস্ট রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে নিহতের স্ত্রী দিলরুবা আক্তার এ মামলা দায়ের করেন।

এর আগে, একই মামলায় ২০২৪ সালের ২৮ আগস্ট রাতে রাজধানীর গুলশান-১ এলাকায় অভিযান চালিয়ে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

উল্লেখ্য, ড. শিরীন শারমিন চৌধুরী দীর্ঘ সময় ধরে জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবারের মতো স্পিকার নির্বাচিত হন তিনি। পরে টানা একাধিক মেয়াদে এই দায়িত্ব পালন করেন। সর্বশেষ ৭ জানুয়ারির নির্বাচনের পরও তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন।

রংপুর-৬ আসনের এই সংসদ সদস্য শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top