মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

‘দম’ সিনেমার নেপথ্যের বাস্তব গল্প জানালেন নূর ইসলাম

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১৪:৫২

সংগৃহীত

ঈদে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা দম-এর মূল অনুপ্রেরণা মো. নূর ইসলাম সামনে আনলেন তার জীবনের ভয়াবহ ও অবিশ্বাস্য অভিজ্ঞতার গল্প। শনিবার (৪ এপ্রিল) রাজধানীর স্টার সিনেপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ও তার স্ত্রী আনোয়ারা পারভীন মুখোমুখি হন সাংবাদিকদের।

রেদোয়ান রনি পরিচালিত এবং আফরান নিশো অভিনীত এই সিনেমাটি নির্মিত হয়েছে ২০০৮ সালে আফগানিস্তানে তালেবানদের হাতে অপহৃত নূর ইসলামের বাস্তব জীবনের ঘটনা অবলম্বনে। সিনেমাটি দেখে নূর ইসলাম একে আন্তর্জাতিক মানের বলে উল্লেখ করেন এবং নিশোর অভিনয়কে “আউটস্ট্যান্ডিং” বলে প্রশংসা করেন।

সংবাদ সম্মেলনে নূর ইসলাম জানান, ভিত্তিহীন অভিযোগে তাকে অপহরণ করে হত্যা করার সিদ্ধান্ত নেয় অপহরণকারীরা। তাকে গাধার পিঠে তুলে নিয়ে যাওয়া হয় মৃত্যুদণ্ড কার্যকরের উদ্দেশ্যে। সেই সময় তিনি স্ত্রীর পরামর্শ অনুযায়ী ‘দোয়া ইউনুস’ পড়তে থাকেন। একপর্যায়ে তিনি অনুভব করেন শরীরজুড়ে এক অদ্ভুত শক্তি ও উষ্ণতা। টানা চার ঘণ্টা চেষ্টা করেও তাকে হত্যা করতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত অপহরণকারীরা তাকে ছেড়ে দেয় এবং জানায়, তার ওপর আল্লাহর বিশেষ রহমত রয়েছে।

১৮ বছর পর এই জীবনের গল্প পর্দায় আসায় তিনি কৃতজ্ঞতা জানান নির্মাতা রনি এবং প্রযোজক শাহরিয়ার শাকিল-এর প্রতি। একই সঙ্গে তিনি ধন্যবাদ জানান সে সময়ের গণমাধ্যমকর্মী ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে, যাদের সহায়তায় তার জীবনে আশার আলো ফিরে আসে।

নূর ইসলামের স্ত্রী আনোয়ারা পারভীন জানান, সবাই যখন ধরে নিয়েছিল তার স্বামী আর বেঁচে নেই, তখনও তিনি বিশ্বাস হারাননি। বিভিন্ন সংবাদমাধ্যম ও সরকারি দপ্তরে ঘুরে তিনি স্বামীকে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যান। তার ভাষায়, “আমার মনে হতো, নূর বেঁচে আছে—আমি টের পেতাম।”

সিনেমায় নূর ইসলামের চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো (শাহজাহান ইসলাম নূর চরিত্রে), আর তার স্ত্রীর ভূমিকায় রয়েছেন পূজা চেরি। সংবাদ সম্মেলনে নিশো বলেন, বাস্তবের এই দম্পতির যন্ত্রণা ও অভিজ্ঞতা এতটাই গভীর যে, তা পুরোপুরি পর্দায় তুলে ধরা সম্ভব নয়। অন্যদিকে পূজা চেরি জানান, তিনি তার চরিত্রের অনুপ্রেরণা নিয়েছেন বাস্তবের আনোয়ারা পারভীনের কাছ থেকেই।

নির্মাতা রেদোয়ান রনি বলেন, ২০২৩ সালে নূর ইসলামের গল্প পড়ে তিনি এতটাই আবেগাপ্লুত হন যে অন্য প্রকল্প বাদ দিয়ে এই গল্প নিয়েই সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নেন। নূর ইসলামের ডায়েরি পড়ে তিনি উপলব্ধি করেন, এটি শুধু একজন মানুষের গল্প নয়—এটি বাংলাদেশের জয়ের গল্প।

‘দম’ সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফাআই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি। প্রযোজক শাহরিয়ার শাকিল জানিয়েছেন, দেশের সব প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে এবং আগামী ২৪ এপ্রিল থেকে সিঙ্গেল স্ক্রিনেও মুক্তি পাবে।

সবশেষে নূর ইসলাম তরুণদের উদ্দেশে বলেন, “যতক্ষণ দম আছে, ততক্ষণ হাল ছাড়া যাবে না”—তার জীবনের ৮৪ দিনের সেই কঠিন অভিজ্ঞতার এটাই সবচেয়ে বড় শিক্ষা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top