মশা নিয়ন্ত্রণে দক্ষতা বাড়াতে ডিএসসিসির বিশেষ প্রশিক্ষণ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১৫:৫৪
রাজধানীতে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম আরও কার্যকর করতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে নগর ভবনের অডিটরিয়ামে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন সংস্থাটির প্রশাসক মো. আবদুস সালাম।
এই কর্মসূচির আওতায় ডিএসসিসির ১০টি অঞ্চলের মোট ১,০৫০ জন মশক সুপারভাইজার ও কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হবে। পাঁচটি ব্যাচে বিভক্ত হয়ে তারা পর্যায়ক্রমে অংশ নেবেন। প্রশিক্ষণে মশার জীবনচক্র, প্রজাতি শনাক্তকরণ, মশাবাহিত রোগ প্রতিরোধ, কীটনাশকের নিরাপদ ব্যবহার এবং আধুনিক যন্ত্রপাতি পরিচালনার বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আবদুস সালাম বলেন, মশা নিধনে ব্যবহৃত লিকুইড ম্যালাথিউন ও টেমিফসের কার্যকারিতা আইইডিসিআর এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর পরীক্ষায় শতভাগ সফল প্রমাণিত হয়েছে। তবে এর সুফল পেতে মাঠপর্যায়ে সঠিক প্রয়োগ নিশ্চিত করা জরুরি।
তিনি আরও জানান, এডিস মশা নিয়ন্ত্রণে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
বর্তমানে ডিএসসিসি এলাকায় প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত লার্ভিসাইডিং (লার্ভা ধ্বংস) এবং বিকেল ৪টা থেকে সূর্যাস্ত পর্যন্ত অ্যাডাল্টিসাইডিং (উড়ন্ত মশা নিধন) কার্যক্রম চালানো হচ্ছে। বিশেষ করে চিহ্নিত হটস্পটগুলোতে সমন্বিত অভিযান জোরদার করা হয়েছে।
প্রশিক্ষণে ডিএসসিসির স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিরা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এতে মশককর্মীদের জনসচেতনতা সৃষ্টি ও ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এবং সচিব মোহাম্মদ নাছিম আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।