হলিউড তারকা জর্জ ক্লুনির ট্রাম্পকে কড়া প্রতিক্রিয়া
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১৬:৪১
ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ও মন্তব্যের পর হোয়াইট হাউসের সমালোচনার মুখে পড়েছেন হলিউড অভিনেতা জর্জ ক্লুনি। ট্রাম্প প্রশাসন ক্লুনিকে ‘ব্যর্থ অভিনেতা’ বলে আক্রমণ করলে, এই অস্কারজয়ী তারকা তা কটাক্ষ করে উল্টো জবাব দিয়েছেন।
ক্লুনি বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ব্যক্তিগত আক্রমণ না করে আন্তর্জাতিক ইস্যুতে মনোযোগ দেওয়াই গুরুত্বপূর্ণ। সম্প্রতি ‘দ্য হলিউড রিপোর্টার’-কে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “যখন বিশ্বের সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে এবং অর্থনীতি অস্থিরতার মধ্যে, তখন প্রশাসনের কোনো সময় নেই ‘শিশুসুলভ গালিগালাজ’ করার জন্য।” তিনি ট্রাম্পের হুমকিকে আন্তর্জাতিক আইনের আলোকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবেও উল্লেখ করেছেন। মজার ছলে ক্লুনি আরও যোগ করেন, “আমাকে ব্যর্থ অভিনেতা বলা হয়েছে, এতে আমি একমত, বিশেষ করে ‘ব্যাটম্যান অ্যান্ড রবিন’-এর পর থেকে।”
এর আগে সামাজিক মাধ্যমে ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছিলেন, যুদ্ধবিরতি না মানলে একটি সভ্যতা ধ্বংস করা হবে। এ মন্তব্যের বিরোধিতা করে ক্লুনি ইতালিতে এক শিক্ষার্থী সম্মেলনে বলেন, “কেউ বলতেই পারেন ট্রাম্প ভালো মানুষ। কিন্তু সভ্যতা ধ্বংসের কথা বলা মানে যুদ্ধাপরাধ।”
হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চুং পাল্টা মন্তব্য করে লিখেন, “জর্জ ক্লুনি একমাত্র তার বাজে সিনেমা ও নিকৃষ্ট অভিনয়ের মাধ্যমে যুদ্ধাপরাধ করছেন।” এরপর ক্লুনি নিজের কড়া প্রতিক্রিয়া দেন।
এর আগে মার্ক রাফালো, জন কিউস্যাক ও স্টিফেন কিংয়ের মতো হলিউড তারকারাও ট্রাম্পের নীতির তীব্র সমালোচনা করেছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।