সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

আশা ভোঁসলের প্রয়াণে শোক, আলোচনায় আরডি বর্মনের সঙ্গে অমর প্রেমকাহিনি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১৩:৫১

সংগৃহীত

ভারতীয় কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে-এর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। সুরের এই জাদুকরের বিদায়বেলায় আবারও আলোচনায় উঠে এসেছে তাঁর জীবনের নানা ব্যক্তিগত অধ্যায়, বিশেষ করে সংগীত পরিচালক আরডি বর্মন-এর সঙ্গে তাঁর অমর প্রেমকাহিনি।

সত্তরের দশকের শেষদিকে আশা ভোঁসলে ও আরডি বর্মন দুজনেই হিন্দি সিনেমার জগতে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছিলেন। আরডি বর্মনের বৈপ্লবিক সংগীত ভাবনা এবং আশার কণ্ঠের মূর্ছনার সংমিশ্রণে সৃষ্টি হয়েছিল অসংখ্য কালজয়ী গান। কাজের সূত্রেই তাঁদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যার পরিণয় ঘটে ১৯৮০ সালে।

আশির দশকে সংগীতের ধারা বদলাতে শুরু করলে আরডি বর্মনের ক্যারিয়ারে কিছুটা ভাটা পড়ে। সেই কঠিন সময়েও স্বামীর পাশে অটলভাবে দাঁড়িয়ে ছিলেন আশা। বিয়ের ১৪ বছর পর, ১৯৯৪ সালের ৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান আরডি বর্মন।

১৯৯৪ সালের ফেব্রুয়ারিতে ‘মুভি’ ম্যাগাজিনে প্রকাশিত অজিতাভ মেমন-এর স্মৃতিচারণা থেকে জানা যায়, স্বামীর মৃত্যু মেনে নিতে পারেননি আশা ভোঁসলে। শোকাহত সেই মুহূর্তে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন—যে ঘরে বর্মনের নিথর দেহ রাখা ছিল, সেখানে তিনি আর প্রবেশ করবেন না।

অশ্রুসজল চোখে তিনি বলেছিলেন, ‘আমি ওই ঘরে যাব না। আমি ওর মৃত মুখ দেখতে পারব না। আমি ওকে জীবিত অবস্থাতেই মনে রাখতে চাই।’

স্বামীকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সেই দুঃসময়ে আশাকে সামলাতে এগিয়ে এসেছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু গুলজার। শেষ শ্রদ্ধা জানাতে বর্মনের বাসভবনে উপস্থিত হয়েছিলেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনও।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top