‘কম বয়সে আবেগে বিয়ে করা ভুল ছিল’: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১৭:১৭

সংগৃহীত

পর্দায় নিয়মিত উপস্থিত না থাকলেও নানা কারণে বছরজুড়েই আলোচনায় থাকেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। বিভিন্ন অনুষ্ঠান, ব্র্যান্ড প্রমোশন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতি ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে। তবে তার ব্যক্তিগত জীবন নিয়েই বেশি কৌতূহল দেখা যায় অনুরাগীদের মধ্যে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

বিয়ের প্রসঙ্গে তিনি বলেন, “বিয়ে কেন টার্নিং পয়েন্ট হবে? ওটা আসলে ভুল সিদ্ধান্ত ছিল। খুব অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে করাটা আমার জীবনের ভুল ছিল। নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই, ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।”

ভবিষ্যতে নতুন করে সংসার পাতার পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, “এই মুহূর্তে এমন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই।”

সাক্ষাৎকারে ট্রল ও সমালোচনা নিয়েও কথা বলেন তিনি। অপু বিশ্বাস জানান, এসব নেতিবাচক বিষয় তাকে খুব একটা প্রভাবিত করে না; বরং তিনি বেশিরভাগ সময় এগুলো এড়িয়ে চলেন এবং কখনো কখনো উপভোগও করেন।

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খানকে বিয়ে করেন অপু বিশ্বাস। দীর্ঘদিন গোপন রাখার পর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি লাইভ টেলিভিশন অনুষ্ঠানে তিনি বিয়ের বিষয়টি প্রকাশ করেন। পরবর্তীতে ২০১৮ সালের ১২ মার্চ তাদের আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে। এই দম্পতির একটি সন্তান রয়েছে।

এছাড়া শুটিং অভিজ্ঞতা নিয়েও কথা বলেন তিনি। আগের সময়ের নিজের আচরণ প্রসঙ্গে অপু বলেন, তিনি তখন অনেকটাই আবেগপ্রবণ ছিলেন এবং ক্যামেরার সামনে অনেক কিছুই অজান্তে বলে ফেলতেন, যা এখন তিনি অনেক বেশি পেশাদারভাবে দেখেন।

প্রসঙ্গত, গেল ঈদুল ফিতরে তার অভিনীত ‘দুর্বার’ সিনেমাটি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত তা প্রেক্ষাগৃহে আসেনি। অন্যদিকে আসন্ন কোরবানির ঈদে তার নতুন সিনেমা ‘সিক্রেট’ মুক্তি পেতে পারে বলে গুঞ্জন রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top