শ্যামলীতে চাঁদাবাজি মামলায় ৪ আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১৭:৫২
রাজধানীর শ্যামলীতে কিডনি চিকিৎসক কামরুল ইসলাম–এর প্রতিষ্ঠিত সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার সাত আসামির মধ্যে চারজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৩ এপ্রিল) ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্তরা হলেন— মো. ফালান মিয়া (৪২), মো. রুবেল (৪২), মো. সুমন (৩৬) ও মো. লিটন মিয়া (৩৮)।
এর আগে আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক মো. ছাব্বির আহমেদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকার মহানগর পিপি ওমর ফারুক ফারুকী। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বিবরণে জানা যায়, গত শুক্রবার (১০ এপ্রিল) শ্যামলীতে কামরুল ইসলামের সিকেডি ইউরোলজি হাসপাতালে যুবদলের নেতা পরিচয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ ওঠে। পরে হাসপাতালের অপারেশন থিয়েটার ইনচার্জ আবু হানিফ শেরেবাংলা নগর থানায় মামলা করেন।
এ ঘটনায় ওইদিন রাতে রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা হাসপাতালে গিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। মামলার এজাহারে বলা হয়, আসামিরা ভুক্তভোগীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করে এবং হাসপাতালের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করে পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করে।
চিকিৎসক কামরুল ইসলাম একজন শল্যচিকিৎসক হিসেবে স্বল্প খরচে কিডনি প্রতিস্থাপন সেবার জন্য পরিচিত। তিনি এখন পর্যন্ত এক হাজারের বেশি কিডনি প্রতিস্থাপন করেছেন বলে জানা গেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।