রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ১৯:১৫

ছবি: সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন শিশুর মৃত্যুকে নিশ্চিতভাবে হামজনিত বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ছয়জন শিশু হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৭৬২ জন শিশু। আর নতুন করে হাম শনাক্ত হয়েছে ১৫০ জনের মধ্যে।

রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এই হিসাব ১১ এপ্রিল সকাল আটটা থেকে ১২ এপ্রিল সকাল আটটা পর্যন্ত সময়ের।

গত ২৪ ঘণ্টায় যে চারজন শিশু হামে মারা গেছে, তারা সবাই ঢাকার বাসিন্দা। আর হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজন ঢাকা বিভাগের এবং একজন খুলনা বিভাগের।

এই সময়ে সবচেয়ে বেশি ১২৩ জনের মধ্যে হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। রাজশাহী বিভাগে শনাক্ত হয়েছে ২১ জনের মধ্যে। আর চট্টগ্রাম ও সিলেট বিভাগে সবচেয়ে কম, প্রতিটিতে একজন করে আক্রান্ত শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ১ হাজার ২৬৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে শুধু ঢাকা বিভাগেই রয়েছে ৫৮০ জন।

একই সময়ে হাসপাতালে ভর্তি হওয়া ৭৬২ জনের মধ্যে ৩৫৭ জনই ঢাকা বিভাগের। সবচেয়ে কম ভর্তি হয়েছে রংপুরে ১১ জন এবং ময়মনসিংহে ২২ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৬৩৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৩১২ জন এবং চট্টগ্রাম বিভাগে ১২০ জন রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ২৯ দিনে দেশে হামে মোট ২৮ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে একই সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ১৫১ জন শিশুর মৃত্যু রেকর্ড করা হয়েছে।

এই ২৯ দিনে হামের উপসর্গ নিয়ে আসা ১৫ হাজার ৬৫৩ জন শিশুর মধ্যে ১০ হাজার ২২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ হাজার ৬৩৯ জনের হাম শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭ হাজার ৬৫৬ জন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top