বৃহঃস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

ভারতের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১৩:৩৬

সংগৃহীত

ভারতে শুভেচ্ছা সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি-এর সঙ্গে বৈঠক করেছেন। বুধবার (৮ এপ্রিল) ভারতের রাজধানী নয়াদিল্লি-তে পৃথকভাবে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

বৈঠকগুলোতে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতেও মতবিনিময় করা হয়।

বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালিত হবে, যেখানে পারস্পরিক আস্থা, সম্মান ও সুবিধাকে গুরুত্ব দেওয়া হবে।

আলোচনায় ওসমান হাদী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তারের জন্য ভারতকে ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে দুই দেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চালানোর বিষয়েও আলোচনা হয়।

এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এ মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল-কে প্রত্যর্পণের বিষয়ও আলোচনায় উঠে আসে।

ভারতের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশি নাগরিকদের জন্য—বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা—সহজ করার উদ্যোগ আগামী সপ্তাহগুলোতে নেওয়া হবে।

এছাড়া ভারত থেকে সাম্প্রতিক ডিজেল সরবরাহের জন্য ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ ডিজেল ও সার সরবরাহ আরও বাড়ানোর অনুরোধ জানায়। এ বিষয়ে ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছে ভারত।

উভয় দেশ ভবিষ্যতে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যুতে নিয়মিত সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top