বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ বন্ধের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৫:৫৬
দেশে সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের প্রবণতা পুরোপুরি বন্ধ করার ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
শনিবার (১১ এপ্রিল) সকালে সিলেট নগরীর টিলাগড় এলাকায় জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ‘কৃষকের হাট’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, জেলা ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে নির্দিষ্ট স্থানে সপ্তাহের নির্দিষ্ট দিনে এই হাট বসবে, যেখানে কৃষকেরা সরাসরি ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করতে পারবেন। এতে চাঁদাবাজি বা অতিরিক্ত খরচের সুযোগ থাকবে না বলে তিনি দাবি করেন।
তিনি আরও জানান, সারা দেশে কৃষকদের জন্য সপ্তাহে অন্তত একদিন সরাসরি বিক্রির সুযোগ নিশ্চিত করতে জেলা প্রশাসকেরা উদ্যোগ নেবেন।
সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, “দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না। এই ধরনের কথা আমরা বাংলাদেশ থেকে মুছে দেব।”
মন্ত্রী আরও বলেন, কৃষিপণ্য উৎপাদক থেকে ভোক্তার কাছে পৌঁছাতে একাধিক হাতবদলের কারণে দাম বেড়ে যায়। ‘কৃষকের হাট’ চালুর মাধ্যমে এই চক্র ভাঙা সম্ভব হবে এবং কৃষক ও ভোক্তা উভয়ই উপকৃত হবেন।
এছাড়া বাজার ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথাও জানান তিনি। আমদানিনির্ভর পণ্যের দাম স্থিতিশীল রাখতে পুরো সাপ্লাই চেইনকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
সরকারি সংস্থা টিসিবির কার্যক্রম আরও সম্প্রসারণের কথা জানিয়ে তিনি বলেন, সরকার প্রতিবছর বিপুল পরিমাণ ভর্তুকি দিলেও ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।