পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১৬:৩১
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রোববার (১২ এপ্রিল) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানান, ১৪ এপ্রিল ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রমনা পার্ক, রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশের সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
উৎসব নির্বিঘ্ন করতে শহরের গুরুত্বপূর্ণ ১৪টি পয়েন্টে ডাইভারশন ও ব্যারিকেড বসানো হবে। এর মধ্যে রয়েছে বাংলামোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, পুলিশ ভবন, কাকরাইল চার্চ, কদম ফোয়ারা, হাইকোর্ট (পশ্চিম), শহীদুল্লাহ হল, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার, জগন্নাথ হল, নীলক্ষেত ও কাঁটাবন ক্রসিংসহ আরও কয়েকটি স্থান।
এ সময় বিভিন্ন রুটে যানবাহন চলাচলের বিকল্প পথ নির্ধারণ করা হয়েছে। মিরপুর-ফার্মগেট থেকে শাহবাগগামী যান বাংলামোটর বা হোটেল ইন্টারকন্টিনেন্টাল হয়ে মগবাজার বা মিন্টো রোড দিয়ে চলবে। সায়েন্সল্যাব থেকে শাহবাগমুখী যান আজিমপুর-চাঁনখারপুল-বকশীবাজার রুটে এবং বিকল্প হিসেবে কাঁটাবন-নীলক্ষেত-পলাশী রুট ব্যবহার করা যাবে।
পার্কিংয়ের জন্য নেভী গ্যাপ থেকে হলিফ্যামিলি হাসপাতাল, মৎস্য ভবন থেকে সেগুনবাগিচা, কাঁটাবন থেকে পলাশী পর্যন্ত পশ্চিম পাশ এবং আ. গণি রোড ও সচিবালয় লিংক রোড নির্ধারণ করা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, মেডিক্যাল টিম, নৌ-পুলিশের ডুবুরি দল ও টুরিস্ট পুলিশের সেবা কেন্দ্র মোতায়েন থাকবে। পাশাপাশি মোবাইল টয়লেটের ব্যবস্থাও থাকবে। কোনো সন্দেহজনক ঘটনা দেখা গেলে ৯৯৯ বা ডিএমপি কন্ট্রোল রুমে যোগাযোগ করতে বলা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।