শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

প্রবাসীদের বিশেষ সুবিধা দিতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: মাহদী আমিন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ২০:২৪

ছবি: সংগৃহীত

প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা দিতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা বিভিন্ন ধরনের সুবিধা পাবেন।

শনিবার (১৮ এপ্রিল) সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন জানান, বিকল্প শ্রমবাজার সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপের সাতটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সার্বিয়া, গ্রিস, উত্তর মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল ও রাশিয়া। এসব দেশে শ্রমিক পাঠানোর প্রক্রিয়া এগিয়ে চলছে।

তিনি আরও বলেন, দেশের বাইরে কর্মসংস্থান বাড়ানোর অংশ হিসেবে সরকার বেশি সংখ্যক জনশক্তি রপ্তানির পরিকল্পনা নিয়েছে। দক্ষ ও আধা-দক্ষ শ্রমিক তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে সারা দেশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং বিভিন্ন ভাষা শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিমূলক পাঠ্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় তিনি জানান, এখন পর্যন্ত ৩৭ হাজার ৫৬৭টি পরিবারকে ‘পরিবার কার্ড’ দেওয়া হয়েছে। এসব কার্ডের মাধ্যমে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা দেওয়া হচ্ছে।

এছাড়া ১০টি জেলায় ২২ হাজারের বেশি প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে। এই কার্ডের মাধ্যমে তারা ১০ ধরনের সুবিধা এবং নগদ অর্থ সহায়তা পাচ্ছেন বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বর্তমান সরকারের দুই মাসে মোট ৬০টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top