ভারতে আবারও আছড়ে পড়লো যুদ্ধবিমান, বহু ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ২১:২৭
যান্ত্রিক ত্রুটির কারণে অবতরণের সময় রানওয়েতে আছড়ে পড়েছে একটি যুদ্ধবিমান। এতে বিমানবন্দরের একমাত্র রানওয়ে দীর্ঘ সময় বন্ধ থাকায় পরদিন সকাল পর্যন্ত বহু যাত্রীবাহী ফ্লাইট বাতিল করা হয়েছে।
শুক্রবার গভীর রাতে পুনে আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রাত প্রায় ১০টা ২৫ মিনিটে অবতরণের সময় যুদ্ধবিমানটির চাকা কাজ না করায় সেটি সরাসরি রানওয়েতে নেমে পড়ে। এতে বিমানটি রানওয়ের মাঝখানে আটকে গিয়ে পুরো পথ অবরুদ্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাটিকে ‘কঠিন অবতরণ’ হিসেবে উল্লেখ করেছে।
প্রতিরক্ষা সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় একটি সুখোই ত্রিশ এমকেআই যুদ্ধবিমান জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত নিশ্চিত করা হয়নি। বিমান বাহিনী জানিয়েছে, যান্ত্রিক গোলযোগের কারণেই রানওয়েটি সাময়িকভাবে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। তবে বিমানে থাকা সদস্যরা সবাই নিরাপদ আছেন এবং বেসামরিক কোনো সম্পদের ক্ষতি হয়নি।
এই ঘটনার প্রভাব পড়ে সাধারণ যাত্রীদের ওপর। শনিবার অন্তত কয়েক ডজন ফ্লাইট বাতিল করা হয়েছে। বিভিন্ন বিমান সংস্থার বহু আগমন ও প্রস্থান ফ্লাইট স্থগিত রাখা হয়।
বেসামরিক বিমান চলাচল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটি সরিয়ে রানওয়ে পরিষ্কার করতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। মধ্যরাতের পর থেকেই বিমানবন্দরের কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়ে। এতে অনেক যাত্রীকে বিমানবন্দরেই অপেক্ষা করতে দেখা যায়।
বিমান সংস্থাগুলোর পক্ষ থেকে যাত্রীদের বিকল্প ব্যবস্থার সুযোগ নেওয়া বা টিকিটের অর্থ ফেরত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, পুনে বিমানবন্দরটি সামরিক ও বেসামরিক উভয় ধরনের বিমান চলাচলের জন্য ব্যবহৃত হয়। ফলে যুদ্ধবিমানের এ দুর্ঘটনার সরাসরি প্রভাব পড়ে সাধারণ যাত্রীদের ওপর। রানওয়েটি দ্রুত সচল করতে কাজ চলছে। সূত্র: মিন্ট, টাইমস অব ইন্ডিয়া
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।