সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিয়ে ইরানকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১৪:১৩

সংগৃহীত

হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রা-এর নিরাপদ চলাচল নিশ্চিত করায় ইরানকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। একই সঙ্গে ওই প্রণালী দিয়ে যাতায়াতের জন্য ছয়টি দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় ইরানের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

সোমবার (২০ এপ্রিল) তুরস্কে অনুষ্ঠিত অ্যান্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম-এ ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহ-এর সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন তিনি।

বৈঠকে উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় ড. খলিলুর রহমান বাংলাদেশের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি তুলে ধরে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শন এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে, যেখানে ইরান থেকে আজারবাইজানে ১৮৬ জন বাংলাদেশির নিরাপদ স্থানান্তরে সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়েছে।

বৈঠকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন এবং পররাষ্ট্রমন্ত্রীকে তেহরান সফরের আমন্ত্রণ জানান। তিনি জানান, বর্তমান পরিস্থিতি কিছুটা উত্তেজনাপূর্ণ হলেও দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রয়েছে।

এর আগে ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদি-এর সঙ্গে বৈঠকে ড. খলিলুর রহমান বিষয়টি উত্থাপন করেন এবং বাংলাদেশি তেলবাহী জাহাজের নিরাপদ চলাচলের বিষয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত তখন ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকার কথা জানান এবং বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থানের প্রশংসা করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top