সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

পঞ্চগড়ে শুরু হাম–রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১৪:১৫

সংগৃহীত

শিশুদের জীবন সুরক্ষায় হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে পঞ্চগড় জেলায়। কর্মসূচিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

রবিবার (২০ এপ্রিল) সকালে পঞ্চগড় সদর উপজেলা-এর শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে রঙিন বেলুন উড়িয়ে টিকাদান কার্যক্রমের সূচনা করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসকসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিরা।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় জেলায় মোট ১ লাখ ৩৬ হাজার ৫২৭ জন ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুকে হাম ও রুবেলা প্রতিরোধী টিকা দেওয়া হবে। আগামী ১০ মে পর্যন্ত (ছুটির দিন ব্যতীত) এ কার্যক্রম চলবে।

এ জন্য জেলায় ১১০৯টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি ২৬৪টি অতিরিক্ত টিম এবং ১৩৮ জন পর্যবেক্ষক মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন।

প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন, টিকাদান কার্যক্রমে গ্যাপ থাকায় দেশের বিভিন্ন জেলায় হাম–রুবেলা ছড়িয়ে পড়েছে। তিনি জানান, আক্রান্তদের বড় অংশই শিশু এবং সময়মতো টিকা না পাওয়াই এর প্রধান কারণ।

তিনি আরও বলেন, পঞ্চগড় জেলায় এখন পর্যন্ত হাম–রুবেলার কোনো রোগী শনাক্ত হয়নি, যা একটি ইতিবাচক দিক। এই পরিস্থিতি বজায় রাখতে অভিভাবকদের গুজবে কান না দিয়ে সন্তানদের টিকা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top