আলোচনায় থেকেও সংরক্ষিত আসনে জায়গা হলো না চমকের
চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১৪:১৬
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পাননি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নারী আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঘোষিত তালিকায় চমকের নাম না থাকায় আলোচনা তৈরি হয়েছে।
এর আগে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন চমক। কুষ্টিয়া থেকে দলীয় মনোনয়ন পেতে তিনি সক্রিয়ভাবে চেষ্টা চালান।
সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, দেশের জন্য কাজ করার ইচ্ছা থেকেই রাজনীতিতে আসতে চান তিনি, বিশেষ করে নারীদের উন্নয়নে ভূমিকা রাখতে চান। এজন্য একটি উপযুক্ত মঞ্চ খুঁজছিলেন বলেও উল্লেখ করেন। বিএনপির সঙ্গে যুক্ত হলে তার পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেছিলেন। পাশাপাশি দলীয় সিদ্ধান্ত যাই হোক, তা ইতিবাচকভাবে গ্রহণ করবেন বলেও জানান।
বরিশালে জন্ম নেওয়া চমকের বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকায়। সৌন্দর্য প্রতিযোগিতায় সাফল্যের মাধ্যমে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু তার। এরপর নাটক ও ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে অল্প সময়েই দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘হায়দার’, ‘হাউস নম্বর ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হাজব্যান্ড’।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।