দেশের স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের জনবল সংকট কাটাতে শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একইসঙ্গে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসকদের নিরাপত্তা জোরদারে ১০ জন করে সশস্ত্র আনসার নিয়োগের কথাও জানান তিনি।
বুধবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ-চীন যৌথ সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দেশে হামের টিকার পর্যাপ্ত মজুত রয়েছে এবং আগামী ছয় মাস এ টিকা সরবরাহে কোনো ধরনের সংকট হবে না। এ বিষয়ে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, চীনের সহযোগিতায় দেশে যৌথ সার্জিক্যাল ক্লিনিক এবং ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা চিকিৎসা খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, জটিল অস্ত্রোপচারসহ উন্নত চিকিৎসা সেবায় বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদী।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।