বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

পরিবহণের ভাড়া বাড়ছে কি? সিদ্ধান্ত বৃহস্পতিবার

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১৬:১৭

ছবি: সংগৃহীত

বাস, ট্রাকসহ সব ধরনের সড়ক পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, এখনো ভাড়া নির্ধারণ করা হয়নি। এ বিষয়ে পরদিনই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

মন্ত্রী বলেন, পরিবহণ খাতের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে আলোচনা চলছে এবং সব পক্ষের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, পরিবহণ মালিকদের সংগঠন জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের ঊর্ধ্বগতির কারণে যানবাহনের রক্ষণাবেক্ষণ ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। এতে করে পরিবহণ খাত আর্থিক চাপে পড়েছে।

পরিবহণ নেতারা মনে করছেন, খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণ না করলে খাতটির স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে।

এর আগে, গত ১৮ এপ্রিল রাতে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে একটি খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে বলে জানানো হয়, যা শিগগিরই চূড়ান্ত করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি সরকার ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়িয়েছে। নতুন দরে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা পরিবহণ খাতে সরাসরি প্রভাব ফেলছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top