‘আওয়ারাপান ২’-এ ফিরছেন ইমরান হাশমি, সঙ্গী দিশা পাটানি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১৬:০৬

সংগৃহীত

এক সময়ের বলিউডের ‘লাভার বয়’ খ্যাত ইমরান হাশমি আবারও পর্দায় ফিরছেন একাকিত্ব, ভবঘুরেপনা ও উদাসীনতার গল্প নিয়ে। পরিচালক নীতিন কক্কর নির্মিত কাল্ট ক্ল্যাসিক আওয়ারাপান-এর সিক্যুয়েল ‘আওয়ারাপান ২’ মুক্তি পেতে যাচ্ছে।

রোমান্স আর অ্যাকশনের নস্টালজিয়া ফিরিয়ে আনতে এবার ইমরানের সঙ্গে জুটি বাঁধছেন দিশা পাটানি। আগামী ১৪ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।

২০০৭ সালে মুক্তির পর ‘আওয়ারাপান’ ইমরান হাশমির ক্যারিয়ারে একটি মাইলফলক হয়ে ওঠে এবং দর্শকদের মনে আলাদা জায়গা করে নেয়। সেই জনপ্রিয়তাকে ঘিরেই তৈরি হচ্ছে সিক্যুয়েল। ইতোমধ্যে নিজের সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে মুক্তির তারিখ নিশ্চিত করেছেন ইমরান।

প্রথম সিনেমার মতোই ‘শিবম’ চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে। তার বিপরীতে প্রধান নারী চরিত্রে থাকছেন দিশা পাটানি। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শাবানা আজমিসহ আরও কয়েকজন তারকা। বিলাল সিদ্দিকী-র চিত্রনাট্যে সিনেমাটি প্রযোজনা করছে ভিশেশ ফিল্মস।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মুক্তির তারিখ নির্ধারিত হলেও এখনও প্রোডাকশনের কিছু কাজ বাকি রয়েছে। চলতি সপ্তাহেই শেষ অংশের শুটিং সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এরপর দ্রুত পোস্ট-প্রোডাকশন শেষ করে আগস্টে মুক্তির জন্য প্রস্তুত করা হবে সিনেমাটি।

এখন দেখার বিষয়, ‘শিবম’-এর সেই ডার্ক লাভ স্টোরির নস্টালজিয়া নতুনভাবে কতটা দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে পারে। দর্শকরা অপেক্ষায় রয়েছেন পুরনো আবেগের নতুন উপস্থাপনা দেখার জন্য।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top