সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

হজ পালনে শুধু হজ ভিসা বাধ্যতামূলক করল সৌদি আরব

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১২:০৪

ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের ক্ষেত্রে এখন থেকে শুধুমাত্র ‘হজ ভিসা’ই বৈধ হিসেবে গণ্য করা হবে বলে ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। রোববার এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, হজ পালনের একমাত্র সরকারিভাবে অনুমোদিত উপায় হলো নির্ধারিত হজ ভিসা।

নতুন নির্দেশনা অনুযায়ী, ভিজিট, ট্রানজিট, ওমরাহ কিংবা পর্যটক ভিসায় সৌদি আরবে অবস্থান করলেও হজের কোনো আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নেওয়া যাবে না। তবে সৌদিতে বসবাসরত নাগরিক ও প্রবাসীদের ক্ষেত্রে কিছু ভিন্ন নিয়ম প্রযোজ্য থাকবে। তাদের হজে অংশ নিতে নির্ধারিত ‘নুসুক’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, হজ মৌসুমে ভিজিট বা পর্যটন ভিসাধারীদের হজ পালনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত আরও কঠোরভাবে কার্যকর করা হচ্ছে। একই সঙ্গে সব ধরনের বুকিং ও নিবন্ধন শুধুমাত্র অনুমোদিত সরকারি চ্যানেলের মাধ্যমেই সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, প্রতি বছর কিছু অসাধু চক্র অবৈধভাবে হজে পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করে। এ ধরনের কার্যক্রম সম্পূর্ণভাবে রোধ করতেই এবার কঠোর সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে বাংলাদেশ থেকে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল রাত ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ইতোমধ্যে বিমানবন্দর ও হজ ক্যাম্প পরিদর্শন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

সরকারি সূত্র জানায়, হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশেষ সেল গঠন করা হয়েছে। পাশাপাশি সব ফ্লাইট সময়মতো পরিচালনার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top