রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

দারুণ জয়ে ৪ পয়েন্টে এগিয়ে বার্সেলোনা, ব্যবধান বাড়ল রেয়ালের সঙ্গে

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৫

ছবি: সংগৃহীত

লা লিগায় দুর্দান্ত পারফরম্যান্স ধরে রেখেছে বার্সেলোনা। এলচের মাঠে আক্রমণাত্মক ফুটবল খেলেই ৩–১ গোলের জয় তুলে নিয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা। এই জয়ে লিগ টেবিলে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়িয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেল কাতালান ক্লাবটি।

ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় বার্সা। ষষ্ঠ মিনিটে দানি ওলমোর থ্রু পাস থেকে গোলরক্ষককে পাশ কাটিয়ে দলকে এগিয়ে দেন লামিনে ইয়ামাল। তবে ২৯তম মিনিটে আলভারো রদ্রিগেস গোল করে সমতা ফেরান এলচের হয়ে।

প্রথমার্ধের শেষ দিকে আবারও এগিয়ে যায় বার্সেলোনা। ফ্রেংকি ডি ইয়ংয়ের কাছ থেকে বল পেয়ে জোরালো শটে জালে পাঠান ফেররান তোরেস। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা মার্কাস র‍্যাশফোর্ড ৭২তম মিনিটে তৃতীয় গোলটি করে জয়ের পথ নিশ্চিত করেন।

পুরো ম্যাচে ৬১ শতাংশ বল দখলে রেখে ৩০টি শট নেয় বার্সেলোনা, যার ৮টি ছিল লক্ষ্যে। অন্যদিকে এলচে ৯টি শটের মধ্যে লক্ষ্যে রাখতে পারে ৩টি।

এই জয়ের ফলে ২২ ম্যাচে ১৮ জয় ও ১ ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ২২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১২ নম্বরে অবস্থান করছে এলচে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top