‘খেলোয়াড়ের সঙ্কটে’ বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে এ প্লাস ক্যাটাগরি বাদ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৪৪
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন পুরুষদের কেন্দ্রীয় চুক্তি তালিকা থেকে এ প্লাস ক্যাটাগরি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। সব ফরম্যাটে নিয়মিত খেলা ক্রিকেটারের অভাবকে এ সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।
ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, বিসিবির ক্রিকেট অপারেশন কমিটি ২০২৬ সালের জন্য ২৭ জন ক্রিকেটারের তালিকা প্রস্তুত করেছে। এই খেলোয়াড়রা কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত হওয়ার কথা থাকলেও তালিকা ও নতুন বেতন কাঠামো এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি।
২০২৫ সালে কেন্দ্রীয় চুক্তিতে পাঁচটি ক্যাটাগরি চালু হয়েছিল—এ প্লাস, এ, বি, সি ও ডি। তবে এবার কোনো ক্রিকেটার তিনটি ফরম্যাটে নিয়মিত খেলছে না বলেই এ প্লাস ক্যাটাগরি রাখা হয়নি।
তালিকায় মাহমুদুল্লাহ নেই, যিনি সব ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। আগের তালিকার ২১ ক্রিকেটার নতুন তালিকায় জায়গা ধরে রেখেছেন। নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন শামিম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম এবং হাসান মুরাদ।
সম্ভাব্য তালিকায় আরও আছেন নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, শাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মাহেদী হাসান, নাসুম আহমেদ এবং খালেদ আহমেদ।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।