রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

একইসঙ্গে তৎপর দুই দেশ, বাড়ছে উত্তেজনা ও অনিশ্চয়তা

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, ১০:০৮

ছবি: সংগৃহীত

ইরানে ভূপাতিত একটি মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে ঘিরে শুরু হয়েছে রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইরানও তাকে খুঁজে বের করতে সমানভাবে সক্রিয় হয়ে উঠেছে, যা পুরো পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ ধরনের অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সামরিক দিক থেকে জটিল। মার্কিন কূটনীতিক ও সামরিক কৌশলবিদ জেমস জেফরি বলেন, এটি তার জানা সবচেয়ে বিপজ্জনক উদ্ধার মিশনগুলোর একটি।

সাধারণত এমন অভিযানে হেলিকপ্টারের পাশাপাশি জ্বালানি সরবরাহকারী বিমান ও যুদ্ধবিমান ব্যবহার করা হয়। শুক্রবার ইরানের খুজেস্তান প্রদেশের আকাশে এমন একটি অভিযান চালানোর দৃশ্য একটি ভিডিওতে দেখা গেছে।

জেফরি জানান, উদ্ধার কাজে নিয়োজিত সদস্যরা মার্কিন বিমানবাহিনীর বিশেষ অপারেশন ইউনিটের অন্তর্ভুক্ত। তারা ডেল্টা ফোর্স বা নেভি সিলের মতো উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত এবং জরুরি চিকিৎসা সেবাও দিতে সক্ষম। তিনি বলেন, যতক্ষণ সামান্য সম্ভাবনাও থাকে, ততক্ষণ তারা নিখোঁজ পাইলটকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যান।

অন্যদিকে প্রতিরক্ষা বিশ্লেষক জেনিফার কাভানা জানান, শত্রু এলাকায় বিধ্বস্ত হলে পাইলট ও ক্রুরা বিশেষ প্রশিক্ষণ অনুযায়ী প্রথমে বেঁচে থাকা এবং ধরা পড়া এড়িয়ে চলার চেষ্টা করেন। শারীরিকভাবে সক্ষম থাকলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে নিরাপদ স্থানে লুকিয়ে থাকার কৌশল অবলম্বন করেন।

তিনি আরও বলেন, এসব ক্রু সদস্যদের এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তারা দীর্ঘ সময় খাবার বা পানি ছাড়াই টিকে থাকতে পারেন এবং প্রয়োজনে স্থানীয় পরিবেশ থেকে জীবনধারণের উপকরণ সংগ্রহ করতে সক্ষম হন।

সূত্র: বিবিসি



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top