যুক্তরাষ্ট্রের কঠোর সিদ্ধান্তে, বিপদে ভারত
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১৩:৫৪
জ্বালানি তেলের বিশ্ববাজারে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়ে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের সময়সীমা আর না বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ভারতসহ বিভিন্ন দেশকে রুশ ও ইরানি তেল কেনার ক্ষেত্রে দেওয়া বিশেষ ছাড়ও নবায়ন করা হবে না বলে জানিয়েছে দেশটি।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক সংবাদ সম্মেলনে বলেন, গত ১১ মার্চের আগে সমুদ্রে থাকা তেলের চালানের ক্ষেত্রেই কেবল এই ছাড় প্রযোজ্য ছিল এবং সেই সুযোগ এখন শেষ হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে সাময়িকভাবে এই ছাড় দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এই সুযোগে ভারতীয় শোধনাগারগুলো প্রায় ৩ কোটি ব্যারেল রুশ তেলের অর্ডার দেয়। এমনকি দীর্ঘ সাত বছর পর ইরান থেকে আসা দুটি সুপারট্যাঙ্কারও ভারতের বন্দরে নোঙর করে।
তবে ওয়াশিংটনের নতুন সিদ্ধান্তে ভারতসহ সংশ্লিষ্ট দেশগুলোর জন্য এই সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে।
এদিকে, নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি শুরু থেকেই ডেমোক্র্যাট পার্টির নেতাদের সমালোচনার মুখে পড়ে। সিনেটর রিচার্ড ব্লুমেনথাল অভিযোগ করেন, এই ছাড়ের ফলে রাশিয়ার যুদ্ধ তহবিলে প্রতিদিন বিপুল অর্থ যোগ হচ্ছে, যা ইউক্রেন যুদ্ধে মস্কোকে আরও শক্তিশালী করছে।
অন্যদিকে সিনেটর চাক শুমার নীতিটিকে ‘বিপজ্জনক’ আখ্যা দিয়ে দ্রুত তা বাতিলের দাবি জানান।
বিরোধীদের চাপের মুখে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের ‘সর্বোচ্চ চাপ’ নীতিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।