অভিযোগের মুখে ট্রাম্প প্রশাসনের শ্রমমন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১৩:১৬
অসদাচরণ ও নানা অভিযোগের তদন্তের মুখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর প্রশাসনের শ্রমমন্ত্রী লরি শ্যাভেজ-ডেরেমা পদত্যাগ করেছেন। স্থানীয় সময় সোমবার (২০ এপ্রিল) হোয়াইট হাউস বিষয়টি নিশ্চিত করেছে।
তরুণী নারী কর্মীদের সঙ্গে আচরণ নিয়ে অভিযোগসহ একাধিক বিতর্কের মধ্যেই তার এই পদত্যাগ ঘটেছে বলে জানা গেছে।
প্রেসিডেন্টের মুখপাত্র স্টিভেন চুং সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, শ্যাভেজ-ডেরেমা প্রশাসন থেকে সরে গিয়ে বেসরকারি খাতে যোগ দিচ্ছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, মার্কিন শ্রমিকদের সুরক্ষা এবং শ্রম আইন বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
পদত্যাগের পর দেওয়া বিবৃতিতে লরি শ্যাভেজ-ডেরেমা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও আমেরিকান শ্রমিকদের স্বার্থে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে এর আগে আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা দায়িত্ব হারিয়েছেন। মার্চ মাসে ক্রিস্টি নোয়েম–কে অভিবাসন ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগে সরিয়ে দেওয়া হয়। এছাড়া এপ্রিলের শুরুতে বিচার বিভাগ পরিচালনায় দুর্বলতা এবং এপস্টাইন সংক্রান্ত নথি ব্যবস্থাপনায় বিতর্কের জেরে প্যাম বন্ডি–কেও অপসারণ করা হয়েছিল।
সূত্র: আল জাজিরা
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।