ক্যানসারে আক্রান্ত নির্মাতা মাতিয়া বাণু শুকু, সরকারের কাছে চিকিৎসায় সহায়তা চাইলেন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১৬:০৯
গুণী নাট্যকার ও পরিচালক মাতিয়া বাণু শুকু, যিনি দীর্ঘদিন ধরে টেলিভিশন নাটক নির্মাণের মাধ্যমে দর্শকদের হৃদয় জয় করেছেন, বর্তমানে ক্যানসারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। তার নির্মিত অসংখ্য নাটক দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। পাশাপাশি তিনি ‘লাল মোরগের ঝুটি’ সিনেমার প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন।
দীর্ঘদিন ধরে অসুস্থ মাতিয়া বাণু শুকুর চিকিৎসা ব্যয় মেটাতে তার পরিবার আর্থিক সংকটে পড়েছে। এ অবস্থায় তারা সরকারের সহযোগিতা কামনা করেছেন।
তার স্বামী ও নির্মাতা নুরুল আলম আতিক জানান, চলচ্চিত্র ও নাট্য নির্মাতাদের জন্য কোনো পেনশন ব্যবস্থা নেই। হঠাৎ এমন কঠিন রোগে আক্রান্ত হলে পুরো পরিবারের ওপর চাপ পড়ে। তিনি বলেন, “বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা পেয়েছি, তবে চিকিৎসা দীর্ঘমেয়াদি হওয়ায় সরকারের সহায়তা প্রয়োজন।”
তিনি আরও জানান, স্ত্রীকে ইতোমধ্যে চেন্নাই নিয়ে চিকিৎসা করানো হয়েছে এবং আগামী ২৩ এপ্রিল আবারও সেখানে নেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। চিকিৎসা ব্যয় এবং কাগজপত্রের কাজ একসঙ্গে সামলাতে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
প্রায় ৮ মাস আগে মাতিয়া বাণু শুকুর ক্যানসার ধরা পড়ে। এরপর চেন্নাইয়ে নিয়ে গিয়ে কেমোথেরাপি ও অন্যান্য চিকিৎসা দেওয়া হয়, যা এখনও চলমান।
নুরুল আলম আতিক শেষ পর্যন্ত সবার কাছে তার স্ত্রীর জন্য দোয়া ও ভালোবাসা কামনা করেন, যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন তিনি।
উল্লেখ্য, মাতিয়া বাণু শুকুর জনপ্রিয় ধারাবাহিক নাটকগুলোর মধ্যে রয়েছে ‘গোল্লাছুট’, ‘টু লেট’ এবং ‘একটা কিনলে আরেকটা ফ্রি’।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।