৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ১৪:৪৬
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী শনিবার (২৮ মার্চ) চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন। বিষয়টি তাঁর প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত চিঠিতে নিশ্চিত করা হয়েছে।
সফরের প্রথম দিনে শনিবার বেলা সোয়া বারোটায় বঙ্গভবন থেকে তেজগাঁও হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা হবেন রাষ্ট্রপতি। সেখানে পৌঁছার পর হেলিকপ্টারে করে পাবনা ক্যাডেট কলেজ মাঠে পৌঁছে গার্ড অব অনার গ্রহণ করবেন এবং রাত যাপন করবেন পাবনা সার্কিট হাউসে।
পরের দিন রোববার সকালে আরিফপুর সদর কবরস্থানে নিজের বাবা-মায়ের কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। একই দিনে সন্ধ্যা সাতটায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ও করবেন।
সোমবার সকালেই পাবনা সদরের ভবানীপুর মসজিদে যাবেন রাষ্ট্রপতি। সন্ধ্যা সাতটায় শহরের জুবলি ট্যাংক এলাকার নিজ বাসভবনে পৌঁছাবেন। মঙ্গলবার পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণের পর ঢাকার উদ্দেশ্যে হেলিকপ্টারে রওনা দেবেন।
উল্লেখ্য, নতুন সরকার গঠনের পর এটি রাষ্ট্রপতির পাবনায় প্রথম সরকারি সফর। সফর উপলক্ষে ইতোমধ্যে পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিত্বে একাধিক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।