মধ্যপ্রাচ্য সংঘাত: ৩৬ লাখ চাকরি হারার ঝুঁকি, ৪০ লাখ মানুষ দরিদ্র হবে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ১৩:০০
ইরানের সঙ্গে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলো বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে পারে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রকাশিত সমীক্ষা অনুযায়ী, প্রায় ৩৬ লাখ মানুষ চাকরি হারাতে পারেন এবং ৪০ লাখ মানুষ দরিদ্র হয়ে যেতে পারেন।
সমীক্ষার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ওই অঞ্চলের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৩.৭ থেকে ৬.০ শতাংশ পর্যন্ত ক্ষতির সম্মুখীন হতে পারে। এর ফলে ১২০–১৯৪ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক ক্ষতি হবে, যা ২০২৫ সালের আঞ্চলিক জিডিপি প্রবৃদ্ধির চেয়েও বেশি।
বিস্তারিতে বলা হয়েছে, বেকারত্বের হার ৪ শতাংশ পয়েন্ট বাড়তে পারে, যা ২০২৫ সালে সৃষ্ট মোট কর্মসংস্থানের চেয়েও বেশি। এই পরিস্থিতি প্রায় ৪০ লাখ মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারে।
‘মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা: আরব রাষ্ট্র অঞ্চলের জন্য অর্থনৈতিক ও সামাজিক প্রভাব’ শীর্ষক সমীক্ষাটি এই অঞ্চলের কাঠামোগত দুর্বলতার বাস্তবতা তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্বল্পস্থায়ী সামরিক উত্তেজনাও গভীর ও ব্যাপক আর্থ-সামাজিক প্রভাব তৈরি করতে সক্ষম এবং দীর্ঘস্থায়ী হতে পারে।
জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইউএনডিপির আরব রাষ্ট্র বিষয়ক আঞ্চলিক ব্যুরোর পরিচালক আবদুল্লাহ আল দারদারি বলেন, “এই সংকট দেশগুলোর জন্য রাজস্ব, খাতভিত্তিক এবং সামাজিক নীতিগুলোর কৌশলগত মূল্যায়ন পুনর্গঠনের সতর্কবার্তা দিচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে হাইড্রোকার্বন-চালিত প্রবৃদ্ধির বাইরে অর্থনীতি বৈচিত্র্যময় করা, উৎপাদন সম্প্রসারণ, বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থা সুরক্ষিত করা এবং আঞ্চলিক সহযোগিতা জোরদার করা।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।