দীর্ঘ বিরতির পর ত্রিশালে জাতীয় পর্যায়ে উদ্যাপিত হবে নজরুল জন্মজয়ন্তী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, ১৮:১৮
দীর্ঘ ২০ বছরের পর ময়মনসিংহের ত্রিশালে জাতীয় পর্যায়ে উদ্যাপিত হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জন্মজয়ন্তী। অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তারিখ এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
শনিবার (৪ এপ্রিল) নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী বলেন, ২০০৬ সালের পর ত্রিশালে জাতীয়ভাবে জন্মজয়ন্তী আয়োজন করা হয়নি। স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এবার পুনরায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের হারানো সাংস্কৃতিক ঐতিহ্য জাগাতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানো জরুরি। ত্রিশাল এবং ময়মনসিংহ বিভাগকে সাংস্কৃতিক মডেল হিসেবে গড়ে তোলার জন্যও কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শামীম। প্রধান আলোচক ছিলেন ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাহাঙ্গীর আলম, সংসদ সদস্য, প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তাসহ সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন প্রতিনিধিরা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।