প্রধানমন্ত্রীর যশোর সফরের সময়সূচি জানা গেলো
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৭:৩৬
যশোর সফরের সময়সূচি জানা গেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, আগামী ২৭ এপ্রিল যশোর সফরে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকে কেন্দ্র করে শনিবার দুপুরে যশোরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনস্থল পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সফরের বিস্তারিত বিষয় তুলে ধরেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, জ্বালানি তেলের বৈশ্বিক সংকটের প্রভাব দেশে পড়লেও সরকার জনগণের ভোগান্তি কমাতে আন্তরিকভাবে কাজ করছে। বর্তমানে ইরি সেচ মৌসুম চলায় কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষকদের ক্ষতি এড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি মন্ত্রণালয় প্রতিদিন কার্যক্রম পর্যবেক্ষণ করছে।
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজ পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং এর মাধ্যমে জেলার উন্নয়ন কার্যক্রম নতুন গতি পাবে। বিগত সময়ে যশোরে উন্নয়ন কার্যক্রম অনেকটা থমকে গিয়েছিল বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খনন করা উলাশী খাল পুনঃখননের উদ্বোধনও ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী করবেন। যশোর বিমানবন্দর থেকে সরাসরি তিনি এই কর্মসূচির উদ্বোধন করবেন। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে প্রতিষ্ঠিত যশোর মেডিকেল কলেজ ৫০০ শয্যা হাসপাতালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর সময় অনুযায়ী যশোর পাবলিক লাইব্রেরি পরিদর্শন এবং একটি জনসভায় অংশ নেবেন তিনি। জনসভা শেষে তার যশোর ত্যাগ করার কথা রয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জেলা প্রশাসকের কার্যালয়ে দপ্তর প্রধানদের নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে যশোরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয়দের আশা, এই সফরের মাধ্যমে দীর্ঘদিনের প্রতীক্ষিত উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হবে এবং জেলার উন্নয়ন কার্যক্রম নতুন গতি পাবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।