চাঁদাবাজদের তালিকা তৈরি করছে র্যাব, দ্রুত অভিযান শুরু হবে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৭:৫৬
চাঁদাবাজদের একটি নিরপেক্ষ তালিকা তৈরির কাজ শুরু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তালিকা প্রস্তুত শেষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে চাঁদাবাজদের একটি নিরপেক্ষ তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। র্যাবের ১৫টি ব্যাটালিয়ন ইতোমধ্যে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
ইন্তেখাব চৌধুরী আরও বলেন, তালিকায় যাদের নাম আসবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তালিকা প্রস্তুত শেষ হলেই যেকোনো সময় অভিযান শুরু করা হবে।
তিনি জানান, চাঁদাবাজি শুধু একটি নির্দিষ্ট খাতে সীমাবদ্ধ নয়। পরিবহন খাতে মহাসড়ককেন্দ্রিক চাঁদাবাজি, বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, বিভিন্ন প্রতিষ্ঠানে চাপ সৃষ্টি—সব ধরনের চাঁদাবাজিকে তালিকার আওতায় আনা হচ্ছে।
অনেক ভুক্তভোগী ভয় বা নিরাপত্তাজনিত কারণে অভিযোগ করতে চান না উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ক্ষেত্রে গোয়েন্দা তথ্য, মাঠপর্যায়ের অনুসন্ধান এবং বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে তালিকা তৈরি করা হচ্ছে।
তালিকায় রাজনৈতিক ব্যক্তিদের অন্তর্ভুক্তি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তালিকা সম্পূর্ণ নিরপেক্ষভাবে করা হচ্ছে। কোনো ধরনের পক্ষপাত থাকবে না। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।