রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

মওলানা ভাসানীর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ২১:৫৫

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইল সফরে যাচ্ছেন। এ সফরে তিনি একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে কৃষক কার্ড বিতরণ এবং কৃষি মেলার উদ্বোধন।

সফরের অংশ হিসেবে সকাল ১০টায় টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এ উপলক্ষে রোববার (১২ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, প্রক্টর ও দপ্তর প্রধানরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

এদিকে সফরকে কেন্দ্র করে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী এলাকায় মহড়া পরিচালনা করছে।

অন্যদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভাসানীর মাজার পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ ও সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপুসহ অন্যান্য নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রশাসন আশা করছে, সব কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top