শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৯

সংগৃহীত

এ মৌসুমের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ তিনি এ বছরের প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেন।

উদ্বোধনের পর রাত সাড়ে ১২টার দিকে উড়োজাহাজে গিয়ে হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেন এবং সেখানে অবস্থানরত হজযাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ধর্মমন্ত্রী জানান, হজযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে এবং কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।

এর আগে হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠান প্রধানমন্ত্রী। ধর্ম মন্ত্রণালয়-এর জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীকের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হজযাত্রীদের জন্য বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয়েছে।

হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, উপহার হিসেবে এক লাখ বোতল মিনারেল ওয়াটার হজক্যাম্পে আগত যাত্রীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। এছাড়া উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের জন্য ব্যাকপ্যাক, ইহরাম সাবান, পানির পট, পেট্রোলিয়াম জেলি, মিসওয়াক ও আজওয়া খেজুর দেওয়া হয়েছে।

বাংলাদেশ থেকে এ বছর মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া ৩০ মে থেকে হাজিদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top