সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

দেশ মবের শহরে পরিণত হয়েছে, বিচারহীনতায় বাড়ছে গণপিটুনি: রুমিন ফারহানা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১৯:৩৪

ছবি: সংগৃহীত

দেশে একের পর এক গণপিটুনির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তার অভিযোগ, গত দেড় বছরে দেশ কার্যত জনতার শাস্তিনির্ভর এক নৈরাজ্যপূর্ণ অবস্থায় পৌঁছেছে।

সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে দেওয়া নোটিশ উত্থাপন করে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর থেকে শুরু করে সর্বোচ্চ আদালতের আইনজীবী সমিতি কোথাও আজ জননিরাপত্তা নিশ্চিত নয়। গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের প্রধানদের ঘিরে জনতার হামলার পাশাপাশি বরিশাল আদালত প্রাঙ্গণ ও সর্বোচ্চ আদালতের আইনজীবীদের কক্ষেও এমন ঘটনা ঘটেছে, যা বিচার ব্যবস্থার মর্যাদাকে প্রশ্নের মুখে ফেলছে। এছাড়া একটি জাতীয় দৈনিকের কার্যালয়ে হামলা, চট্টগ্রামে দেড় বছর আগে ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে হত্যা এবং কুষ্টিয়ায় অভিযোগকারীকে পিটিয়ে হত্যার মতো ঘটনাগুলো সমাজের অবক্ষয়েরই চিত্র তুলে ধরছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, মন্ত্রী একাধিকবার আশ্বাস দিয়েছিলেন যে দেশে গণপিটুনির প্রবণতা বন্ধ হবে এবং বিচারহীনতার সংস্কৃতি দূর হবে। কিন্তু বাস্তবে একের পর এক ঘটনা ঘটেই চলেছে। ন্যায়বিচার না পেলে মানুষ এ ধরনের নৈরাজ্যের দিকে ঝুঁকে পড়ে বলেও মন্তব্য করেন তিনি।

দেশে মানুষের মধ্যে হতাশা, ক্ষোভ ও বৈষম্য বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, অপরাধের বিচার না হওয়ার সংস্কৃতিই এ পরিস্থিতির জন্য দায়ী। চট্টগ্রামে দেড় বছর আগে পিটিয়ে হত্যা করা ব্যক্তির বিচার এখনও না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, দৃষ্টান্তমূলক শাস্তির অভাবই গণপিটুনির প্রবণতাকে উসকে দিচ্ছে। শেষে জননিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান রুমিন ফারহানা।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top